ইন্টার্নশিপ বহাল, কর্মসংস্থান নিশ্চিত করা, নতুন নিয়োগ শুরু করাসহ চার দফা দাবিতে ক্লাস বর্জন করে নোয়াখালীতে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। পরে ক্যাম্পাসের সামনের সড়কে মিছিল করে অধ্যক্ষ, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ৩ বছরের ডিপ্লোমা শেষে নিয়ম অনুযায়ী এক বছর ইন্টার্নশিপ করার কথা। কিন্তু সম্প্রতি তাদের ইন্টার্নশিপ বন্ধ ঘোষণা করা হয়। কোর্স ক্যারিকুলামেও আনা হয়েছে পরিবর্তন। হঠাৎ করে কেন্দ্র থেকে অ্যালাইড হেলথ বোর্ড গঠন করা হয়, যা বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনের দাবি জানান তারা।
