দাবানলের কারণে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রদেশটির ওকানাগান উপত্যকার ওয়েস্ট কেলোনা শহরের ওপর দিকের পাহাড় ও পর্বতে দাবানল তীব্র আকার ধারণ করে চারপাশে ছড়িয়ে পড়ছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন, পাশাপাশি এলাকাটির হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়েস্ট কেলোনা শহর থেকে দাবানলের আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। ওকানাগান হ্রদকে ঘিরে থাকা উপত্যকা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এর আগে আগুনে পানি বর্ষণকারী বিমানগুলোর চলাচল নির্বিঘœ করার জন্য এলাকাটির আকাশপথ বন্ধ করে দেওয়া হয়। গতকাল শুক্রবার জরুরি অবস্থা ঘোষণার পর ব্রিটিশ কলাম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি সাংবাদিকদের বলেন, আমাদের প্রদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের মোকাবিলা করছি আমরা।
