আখাউড়া

বেড়া দিয়ে রাস্তা দখলে নিল সাবেক ছাত্রলীগ নেতা

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০১:০৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকায় টিনের বেড়া দিয়ে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে শামীম মোল্লা নামে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মো. শাহআলম চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তি আখাউড়া পৌরসভার মেয়রের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শামীম মোল্লা আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

অভিযোগ সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেবগ্রাম এলাকায় ১১ ফুট প্রস্থের একটি রাস্তা রয়েছে। সম্প্রতি পৌরসভার আর্থিক সহযোগীতায় রাস্তার তিন ফুট ড্রেন নির্মাণের জন্য রেখে বাকি আট ফুট পাকা করা হয়েছে। কিন্তু ড্রেন নির্মাণের জন্য রাখা রাস্তার তিন ফুট শামীম মোল্লা তার বাড়ি বরাবর টিনের বেড়া দিয়ে দখল করে নেয়।

শাহআলম চৌধুরী বলেন, ‘শামীম মোল্লা ও তার পরিবারের লোকজন রাস্তার জায়গা টিনের বেড়া দিয়ে অবৈধভাবে দখল করে নেয়। বাধা দিলে খারাপ আচরণ করে। বিষয়টি মেয়রকে লিখিতভাবে জানিয়েছি।’

অভিযুক্ত শামীম মোল্লা বলেন, ‘টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। যখন ড্রেন নির্মাণ করা হবে, তখন ছেড়ে দেওয়া হবে।’

আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি দলের প্রভাব দেখিয়ে রাস্তা দখলের কোনো সুযোগ নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত