৩ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ের পর কার্লোস আলকারাজকে হারিয়েছেন নোভাক জকোভিচ। সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে জকোভিচ জিতেছেন ৫-৭, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৪) গেমে। দ্বিতীয় সেটে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ঘুরে দাঁড়িয়ে জিতেছেন ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ। এটিপির ইতিহাসে এটি দীর্ঘতম তিন সেটের ফাইনাল।
এমন লড়াইয়ের পর দুই শীর্ষ বাছাই আলকারাজ ও জকোভিচকেই ইউএস ওপেনের ফাইনালে দেখছেন অনেকে।
দ্বিতীয় সেটে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ঘুরে দাঁড়ান জকোভিচ। জেতেন টাইব্রেকে। দ্বিতীয় সেটের শেষ পয়েন্টটি জকোভিচ জেতেন ২৫ শটের র্যালিতে। তৃতীয় সেটেও একটা সময় ৫-৪ এ পিছিয়ে ছিলেন। ম্যাচে দ্বিতীয় সেটের সময় অসুস্থতার কারণে কোর্টে চিকিৎসাও নিতে হয় জকোভিচকে। এমন ম্যাচ জয়ের পর জকোভিচ বুনো উদযাপনে নিজের টি-শার্ট ছেঁড়েন।
জকোভিচের কাছে এই জয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের মতোই অনুভূতি নিয়ে হাজির হয়েছে, ‘অবশ্যই আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন একটি ম্যাচ। আমার কাছে মনে হয়েছে এটি কোনো গ্র্যান্ড সø্যাম ফাইনাল। সত্যি বলতে তার চেয়েও বেশি।’
