ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিসটেন্স প্রোগ্রামের অধীনে যুক্তরাষ্ট্র ‘ক্যানাইন নারকোটিকস ডিটেকশন ট্রেনিং’-এর আয়োজন করে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে সিটিটিসি কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিদর্শনে এসে সিটিটিসিপ্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল সকালে সিটিটিসি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সাক্ষাতের মাধ্যমে বৈশ্বিক সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং সাইবার হুমকি মোকাবিলায় সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে সিটিটিসি কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতের আগে রাষ্ট্রদূত পিটার হাস ডিবি কম্পাউন্ডে সিটিটিসির বিভিন্ন টিমের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকার মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় আমাদের একটি ট্রেনিং চলছিল। ট্রেনিং দেখতে গিয়েছিলেন তিনি (মার্কিন রাষ্ট্রদূত)।
