দিনাজপুরের নবাবগঞ্জে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে খুন হয়েছেন বাবা। সাভারে বাবার পিটুনিতে মারা গেছে এক বছর বয়সী শিশু। জামালপুরে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে স্কুলশিক্ষকের লাশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
দিনাজপুর : নবাবগঞ্জ উপজেলায় ছেলের লাঠির আঘাতে আব্দুল কাশেম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ছেলের লাঠির আঘাতে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
নিহত বৃদ্ধ আব্দুল কাশেম নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের শালঘরিয়া দলদলিয়া ডাঙ্গাপাড়ার মৃত মোজাফফর আলীর ছেলে। গতকাল শুক্রবার সকালে ফুলবাড়ী পৌর শহরের রেলগেট এলাকা থেকে ঘাতক ছেলে মাসুদ রানাকে (২৪) গ্রেপ্তার করে নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
জানা গেছে, গ্রেপ্তার মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন। সে দীর্ঘদিন ধরে আলাদা বাড়িতে বসবাস করত। বৃহস্পতিবার রাতে বাবা তাকে খাবার দিতে গেলে মাসুদ রানা আব্দুল কাশেমের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান কাশেম।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক জানান, মাথায় আঘাতের ফলে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাভার : সাভারে বাবা-মায়ের ঝগড়ার একপর্যায়ে বাবার লাঠির আঘাতে প্রাণ হারিয়েছে আলীফ (১) নামে এক শিশু। এ ঘটনায় শিশুটির মা কল্পনা আক্তার বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গতকাল শুক্রবার সকালে সাভার মডেল থানার এসআই আতিকুল ইসলাম রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার সাবেক পৌর কমিশনারের ভাড়া দেওয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আলমগীর রংপুর জেলার পীরগাছা উপজেলার দেবপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে আলমগীর-কল্পনা দম্পতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আলমগীর কাঠের টুকরো দিয়ে স্ত্রী ও সন্তানকে মারধর করে। পরে পাশর্^বর্তী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
জামালপুর : সদর উপজেলায় নদী থেকে মমিনুল ইসলাম (৫২) নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া এলাকায় ঝিনাই নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত শিক্ষক উপজেলার হাজিপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি হাজিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হক বাবুর ভাতিজা।
স্থানীয়দের দাবি, ওই নদীতে নৌকায় ভাসমান জুয়ার আসর বসে। জুয়ার আসরে ওই শিক্ষক জুয়া খেলতে যান। সেখানে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় নৌকা থেকে ওই শিক্ষক নদীতে লাফ দেন। পরে সকালে তার লাশ পাওয়া যায়। তবে পুলিশ জুয়ার আসরে অভিযানের বিষয়টি অস্বীকার করেছে।
