রাজধানীর কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে এক শিশু গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে শিশুটির নাম পরিচয় জানা যায়নি।
গতকাল শনিবার সকালে খবর পেয়ে সেন্ট্রাল রোডের ভূতের গলির ৭৭ নম্বর বাসার দ্বিতীয়তলার একটি ফ্ল্যাটে গিয়ে মরদেহটি দেখতে পায় পুলিশ।
পুলিশ ও সিআইডি বিভিন্ন আলামত সংগ্রহ শেষে বিকেলে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, সাথী নামে এক নারীর বাসায় গৃহকর্মীর কাজ করত সে। তবে লাশ উদ্ধারের পর থেকে সাথীকে পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, শিশুটির শরীরে আঘাত আছে। এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
৭৭ নম্বর বাড়িটির কেয়ারটেকার মো. মফিজুর রহমান জানান, আনুমানিক দুই বছরেরও বেশি সময় ধরে শিশুটি ওই বাসায় কাজ করে আসছে। সাথীর শিশু সন্তানকে দেখাশুনা করত ওই শিশু। সাথী তালাকপ্রাপ্ত। শুক্রবার সকালে সাথী তার সন্তানকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর বাসায় ফেরেননি।
