সাভারের আশুলিয়ায় জুনায়েদ ইসলাম (১০) নামে এক শিশুকে অপহরণের ঘটনায় এক কিশোরসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গতকাল সোমবার গ্রেপ্তার দুজনকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে গত রবিবার রাতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকা থেকে অপহরণকারীদের গ্রেপ্তার ও অপহৃত শিশুকে উদ্ধার করে র্যাব। পরে আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করেন র্যাব সদস্যরা। এ ঘটনায় অপহৃত শিশুকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগী শিশু জুনায়েদ রংপুর জেলার কোতোয়ালি থানার রতনপুর গ্রামের রিকশাচালক আকমল হোসেনের ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে এবং স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
অপহরণের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো ময়মনসিংহ জেলার অষ্টদার কুঠুরাকান্দা এলাকার মো. আতাব আলী (৬২) ও গাইবান্ধা জেলার মো. আশিক (১৮)। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। ভুক্তভোগীর পরিবার জানায়, শিশুটি বাসার সামনে খেলার সময় তাকে কৌশলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে জিম্মি করে পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
