নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান ক্যান্টাকি টেক্সটাইল মিলস লিমিটেডের ভেতরে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন কারখানার শ্রমিক মোস্তফা (৫০), আল আমিন (২৫) ও শাহিনুর (২৫)।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন জানান, মিলটির পাশ দিয়ে গেছে উচ্চক্ষমতার বৈদ্যুতিক লাইন। কাজ করার সময় অসাবধানবশত ওই লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছেন তারা।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, তিন শ্রমিক দগ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
