‘আমি ভালো আছি’ মৃত্যুর আগে ভিডিওতে বলেছিলেন প্রিগোজিন

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:১৬ পিএম

‘যারা আমার লিকুইডেশন, ব্যক্তিগত জীবন, আয় বা অন্য কিছু নিয়ে আলোচনা করতে চান তাদের উদ্দেশে বলতে চাই— আমি ভালো আছি।’ মৃত্যুর আগে একটি ভিডিওতে এমন কথাই বলেছিলেন ওয়াগনার বস ইয়েভজেনি প্রিগোজিন।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রিগোজিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি তার মৃত্যুর কিছুদিন আগের বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এতে ওয়াগনার বসকে তার জীবন নিয়ে শঙ্কার কথা বলতে শোনা যায়।

ওয়াগনার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট গ্রে জোন নামের একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই ভিডিওতে প্রিগোজিন বলেন, ‘যারা আমি বেঁচে আছি কি না এবং কেমন আছি— এসব বিষয়ে কথা বলছে, তাদের জানাচ্ছি আগস্টের দ্বিতীয়ার্ধে সাপ্তাহিক ছুটিতে আমি এখন আফ্রিকায় আছি।’

স্কাই নিউজ জানিয়েছে, ভিডিওটি আগস্টের মাঝামাঝি সময় ধারণ করা হয়েছিল। তবে এটি কোথায় রেকর্ড করা হয়েছিল তা স্পষ্ট নয়।

গত ২৩ আগস্ট প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে মারা যান প্রিগোজিন। তারও দুই মাস আগে রাশিয়ার সামরিক কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ করেন তিনি। তার নেতৃত্বে সেদিন ওয়াগনার যোদ্ধারা কিছু সময়ের জন্য দক্ষিণের শহর রোস্তভ অন দনের নিয়ন্ত্রণ নেয় এবং মস্কোর দিকে অগ্রসর হয়। অবশ্য প্রিগোজিনকে হত্যার বিষয়টি অস্বীকার করেছে ক্রেমলিন। রুশ কর্তৃপক্ষ বলেছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

গত মঙ্গলবার প্রিগোজিনকে তার নিজ শহর সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে অত্যন্ত গোপনে সমাহিত করা হয়। তার প্রেস সার্ভিস জানিয়েছে, অনুষ্ঠানটি বহিরাগতদের জন্য নিষিদ্ধ ছিল। ক্রেমলিন তাকে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে, কারণ মস্কো চায়নি প্রিগোজিনের মৃত্যু প্রকাশ্যে বড় সমর্থন পাক।

আরও পড়ুন: বিয়ের পরও বন্ধ হয়নি নাচ, রাগে স্ত্রীর মাথায় গুলি করলেন স্বামী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত