বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কর্তৃক রাজস্ব আদায়ের সময়সীমা বেঁধে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা বন্ধ করে ধর্মঘট পালন করছেন খাগড়াছড়ির মহালছড়ি জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। গতকাল শনিবার থেকে তারা এ ধর্মঘট শুরু করেন।
জেলে ও ব্যবসায়ীরা জানান, মহালছড়ি উপজেলার জেলেরা বিএফডিসি উপকেন্দ্রে যেকোনো সময় রাজস্ব দিয়ে মাছ বিক্রি করে আসছেন। চার মাস মাছ ধরা বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়। কিন্তু হঠাৎ করে বিএফডিসি পরিচালক সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজস্ব আদায়ের সময়সীমা বেঁধে দেন। অনেক জেলে রাতে মাছ ধরার পর রাত ৩টা থেকে মাছ ঘাটে আনা শুরু করেন এবং ব্যবসায়ীরা রাতে রাজস্ব দিয়ে সেই সব মাছ বিভিন্ন জেলায় পাঠিয়ে দেন। রাতে মাছ পাঠালে সেই মাছ সকালে বিক্রি হয়, তারা ন্যায্যমূল্য পান। কিন্তু নতুন সময় বেঁধে দেওয়ায় এখন সকালে মাছ পাঠালে সেই মাছ পচে যায়, বিক্রি হয় না।
