এক ম্যাচ আগেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তানজিদ হাসান তামিমের। তবে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই এক ম্যাচ খেলেই পড়েছেন বাদ। শ্রীলঙ্কায় অভিষেক হলেও পাকিস্তানে আর খেলছেন না আফগানিস্তানের বিপক্ষে। তবে নিজে না খেললেও যুব বিশ্বকাপ জয়ের সতীর্থ আরেক ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি খেলতে নেমেছেন। আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে শামীমের।
বাংলাদেশের ১৪৩তম ওয়ানডে ক্রিকেটার শামীম। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে শামীমের পদচারণা আরও দু বছর আগে। ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টির ক্যারিয়ারে ১৩ ইনিংসে ব্যাট করে ২৪৫ রান করেছেন। সর্বোচ্চ ৫১। সাদামাটা ২২.২৭ গড়ের স্ট্রাইক রেটটাও (১১৯.৫১) আহামরি কিছু নয়।
একদিনের আন্তর্জাতিক স্কোয়াডে শামীম প্রথমবার ডাক পান ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে। তবে ডাক পেলেও একাদশে জায়গা হয়নি তার। অবশেষে এশিয়া কাপে নিজেদের টিকে থাকার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটার হিসেবেও অভিষেকটা হয়ে গেল আজ।
একদিনের আন্তর্জাতিকে আজ প্রথমবার খেলতে নামলেও লিস্ট এ ক্রিকেটে ৪৮ ম্যাচ খেলে ফেলেছেন। ৪৪ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১ হাজার ৯৩ রান। সর্বোচ্চ ১০৮ রানের অপরাজিত ইনিংস আছে। ছয়টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি ঐ একটিই। এবার তার লক্ষ্য ক্যারিয়ারের প্রথম ওয়ানডেটা স্মরণীয় করে রাখা।
