আইনজীবীর বাসায় নার্সিং ছাত্রীর মৃত্যু বিচার দাবি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ এএম

কুষ্টিয়ায় আইনজীবীর বাসায় নার্সিং শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তুলির (২০) রহস্যজনক মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী।

গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

এ সময় নিহতের পরিবার হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে ঘটনার শুরু থেকেই পুলিশি ভূমিকায় গড়িমসি এবং তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘটনার সব আলামত গায়েব করে দেওয়ার অভিযোগ করে। অন্য বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তসহ অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

গত ২২ আগস্ট কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাসরত এক তরুণ আইনজীবী মাহমুদুল হাসান সুমনের বাসা থেকে জান্নাতুল ফেরদৌস তুলির মরদেহ উদ্ধার করা হয়। নিহত তুলি সদর উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের ওহিদুল ইসলামের মেয়ে। সে কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের ১ম বর্ষের শিক্ষার্থী ছিল।

মরদেহ উদ্ধারের ঘটনাটিকে ওই আইনজীবী আত্মহত্যা দাবি করলেও নিহতের পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে এবং নিহতের মা শরিফা বেগম বাদী হয়ে ওই আইনজীবীসহ ৫ জনের নামে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত