ঢাকায় মিরা রেজনিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপ আজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪ এএম

ঢাকায় আজ মঙ্গলবার বসছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা সংলাপ। এ সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে গতকাল সোমবার ঢাকায় এসেছেন দেশটির রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক।

রেজনিকের ঢাকায় পৌঁছানোর তথ্য এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। ওই বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিককে স্বাগত। তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপের জন্য ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবে।

জানা গেছে, সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

দুদেশের মধ্যে প্রতি বছর নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়। অষ্টম সংলাপ ওয়াশিংটনে হওয়ায় এবারে এটি ঢাকায় হচ্ছে। এতে নিরাপত্তাসংক্রান্ত সব বিষয় আলোচিত হয়ে থাকে।

এদিকে গত রবিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, সংলাপে উভয়পক্ষের প্রতিনিধিরা ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ইস্যু, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা কার্যক্রম, নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাস দমনসহ আরও অনেক বিষয়ে আলোচনা করবেন। এ সংলাপ দুই দেশের ব্যাপক নিরাপত্তা সহযোগিতার অংশ।

মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নিরাপত্তাবিষয়ক অংশীদারত্ব অত্যন্ত শক্তিশালী এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমাদের দুই দেশের স্বার্থ অভিন্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত