নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় বাদীকে জেরা করতে ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। গতকাল আংশিক জেরা শেষে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এই দিন ধার্য করেন। আদালতে মামলার বাদী কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক তরিকুল ইসলামকে জেরা করেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। বাদীপক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করে শ্রম আইনের সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় অভিযোগ এনে ড. ইউনূস, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানের বিরুদ্ধে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার শ্রম আদালতে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এ মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও কার্যক্রম বাতিল চেয়ে ড. ইউনূস উচ্চ আদালতে আবেদন করলেও তা টেকেনি। গত ১৭ আগস্ট অভিযোগ গঠন বাতিল প্রশ্নে রুল খারিজ করে রায় দেয় হাইকোর্ট। গত ২২ আগস্ট চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ড. ইউনূস ও শাহজাহানকে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
