এশিয়া কাপের সুবাদে দীর্ঘদিন পর পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুই কর্মকর্তা। যার কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে অন্তত আলোচনায় অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এর আগে ‘জিন্নাহ-গান্ধী’ সিরিজ আয়োজনে আগ্রহের কথা জানিয়েছিলেন পিসিবি সভাপতি জাকা আশরাফ। বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি এবার জানালেন, ভারত-পাকিস্তান সিরিজ শুরুর ব্যাপারে আশাবাদী তারা।
ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা দিলেও তাদের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে অনেক বছর। সেজন্য এমন লড়াই দেখতে ক্রিকেটভক্তদের বড় টুর্নামেন্টের জন্য অপেক্ষা করতে হয়। এর আগে পাকিস্তান সর্বশেষ ভারতে গিয়েছিল ২০১২ সালে। তারপর থেকে কূটনৈতিক কারণে দু’দেশের সিরিজ বন্ধ। রোহিত শর্মার দল সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল। কিন্তু দু’দেশের মধ্যে আবার কোনো সিরিজের সম্ভাবনা আপাতত নেই।
দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে প্রশ্ন করাতে বিনি বলেছেন, 'বোর্ড এ ব্যাপারে কিছু বলতে পারে না। এটা সরকারের ব্যাপার। ওরাই সিদ্ধান্ত নেবে। আমরা অপেক্ষা করে দেখি। আশা করি এটা হবে। কারণ বিশ্বকাপে খেলতে ভারতে আসছে পাকিস্তান।'
এর আগে পিসিবি প্রধান জাকা আশরাফ বলেছিলেন, বিশ্বের দুটি সমৃদ্ধশালী ক্রিকেট বোর্ডের আয়োজনে অ্যাশেজের মতো সিরিজ আয়োজন করা যেতে পারে। এই ধরনের সিরিজ শুধুমাত্র তাদের ক্রিকেটীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে না বরং ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া কূটনীতির সম্ভাবনাকেও নির্দেশ করবে। যা দেশ দুটির সাবেক দুই প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধী’র নামে আয়োজনের প্রস্তাব দেন আশরাফ।
×
