গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলি বোঙ্গোকে দেশ ছাড়ার সুযোগ দিয়েছে দেশটির ক্ষমতা দখলকারী জান্তা। গ্যাবনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল উলরিচ মানফুম্বি এক বিবৃতিতে জানান, গৃহবন্দি আলি বোঙ্গো চাইলে চিকিৎসার জন্য বিদেশে চলে যেতে পারবেন। গত বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত বিবৃতিতে তিনি এ কথা বলেন। এই বিবৃতিতে স্বাক্ষর করেন জান্তা প্রধান ও গ্যাবনের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া জেনারেল ব্রাইস ক্লোটাইরে ওলিগুই এনগুয়েমা। তবে জান্তা প্রধান হুঁশিয়ারি দিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী ও তার ছেলেকে বিচারের মুখোমুখি হতে হবে। কারণ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ চুরির অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, ২৬ আগস্ট তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন আলি বোঙ্গো। সেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গত ৩০ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে গ্যাবনের সেনাবাহিনী।
×
