চাঁদপুরে ঘরে বৃদ্ধ স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ এএম

চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল ইউনিয়নে একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে স্থানীয় এক নারী ফুল তুলতে গিয়ে ঘরের দরজা খোলা অবস্থায় ভেতরে তাদের লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।

এ দম্পতিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী। মারা যাওয়া দুজন হলেন বড়কুল ইউনিয়নের দাসপাড়া এলাকার উত্তম বর্মণ (৬২) ও তার স্ত্রী কাজলী রানী বর্মণ (৫৫)। তারা একই এলাকার দুলাল দাসের বাড়ির পাহারাদার হিসেবে বসবাস করতেন। দুলাল দাস নারায়ণগঞ্জে বসবাস করেন।

স্থানীয় বাসিন্দা সবিতা সাহা জানান, গতকাল সকালে ফুল তুলতে গিয়ে দেখেন উত্তম বর্মণ ও কাজলী রানী বর্মণ ঘুম থেকে ওঠেননি। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে উঁকি দিয়ে ঘরের দরজা খোলা দেখে পাশের বাসার লোকজনকে খবর দেন। পরে তারা এসে দেখেন ঘরের ভেতর উত্তম ও কাজলীর হাত-পা বাঁধা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতদের মেয়ে রিনা রানী বর্মণ বলেন, ‘বাবা-মায়ের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কেন তাদের হত্যা করা হলো তা বুঝতে পারছি না। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে চলছে। চুরি বা ডাকাতির ঘটনা কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।’

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বে স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে। তাদের হাত-পা বেঁধে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত