ফরিদপুরে ৭ জনের যাবজ্জীবন চুয়াডাঙ্গায় ১২ জনের কারাদন্ড

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ এএম

ফরিদপুরের এক ছাত্রাবাসে মো. আছাদ নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার দায়ে ৭জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

গতকাল সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামিরা হলেন বাবুল মিয়া (২২), সাদ্দাম শেখ (২৭), সুরুজ সরদার (২৬), মো. নিশান (২২), মো. রনি (২২), চান মিয়া সরদার (২৮) এবং মো. রানা (২০)। এদের মধ্যে চান মিয়া সরদার এবং মো. রানা পলাতক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার পরিবার পরিকল্পনা অফিসের পাশের একটি ছাত্রাবাসে আছাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আসামিরা।

অপরদিকে, চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় ১২ জনের ১০ বছর করে কারাদ-াদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। বেকসুর খালাস দেওয়া হয়েছে চারজনকে।

গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী আসামিদের উপস্থিতিতে ওই রায় দেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের ছোট আলীর ছেলে কবির হোসেন, একই উপজেলার করচাডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে সোলেমান হক, মেহের আলীর ছেলে বকুল মিয়া, মেহের আলীর ছেলে রহম আলী, হযরত আলীর ছেলে আরজ আলী, আখের আলীর ছেলে ফারুক হোসেন, খালেক মিয়ার ছেলে বকুল মিয়া, সীর মিয়ার ছেলে মোহাম্মদ আলী, আমজাদ হোসেনের ছেলে আব্দুল হান্নান, মৃত মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন, নিশ্চিন্তপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে তবি মিয়া ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খাঁ পুরন্দপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মাসুদ রানা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ এপ্রিল গভীর রাতে জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের চান মিয়া ব্যাপারীর ছেলে নুর ইসলাম ও তার চাচাতো ভাই কবির হোসেনের বাড়িতে ডাকাতি করে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত