গাজীপুর-কিশোরগঞ্জে ছেলের হাতে বাবা খুন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ এএম

পারিবারিক কলহের জেরে গাজীপুর ও কিশোরগঞ্জে দুই বাবাকে খুন করেছেন তাদের ছেলেরা। জামালপুরের দেওয়ানগঞ্জে পাওয়া গেছে চার বছর বয়সী নিখোঁজ শিশুর লাশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

গাজীপুর : ১৫ বছর বয়সী ছেলের হাতে খুন হয়েছেন বাবা। গত রবিবার গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর জাঝর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাজিব হোসেন (৩৫)। তিনি জাঝর এলাকার আজিজুর রহমানের ছেলে। রাজিব হোসেনের ছেলে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, রাজিব নেশার টাকার জন্য প্রায় সময়ই পরিবারের সদস্যদের মারধর ও নানাভাবে নির্যাতন করতেন। রবিবার সকালে পারিবারিক কলহের জেরে ছেলে চাপাতি দিয়ে তার বাবা রাজিবকে এলোপাতাড়ি কোপায়। রাজিবকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়ার পথে বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। ঘটনার পর থেকে তার ছেলে পলাতক।

কিশোরগঞ্জ : পারিবারিক বিরোধের জেরে ছেলের হাতে আব্দুল আউয়াল (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গত রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত শনিবার রাতে শহরের নগুয়া বটতলা এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। আব্দুল আউয়াল কিশোরগঞ্জ পৌর এলাকা নগুয়া বটতলার আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে আব্দুল আউয়ালের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর ঝগড়া হয়। এতে ছেলে রাসেল (২২) ক্ষিপ্ত হয়ে আউয়ালকে মারধর করে। রাসেল পলাতক।

জামালপুর : দেওয়ানগঞ্জের বাঘারচর ব্যাপারীপাড়ায় নিখোঁজের দুদিন পর বাড়ির আঙিনা থেকে নুসরাত জাহান হাবিবা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবেল নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। হাবিবা ওই এলাকার আশরাফুল ইসলামের মেয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত