দুর্নীতির মামলায় টুকুর বিরুদ্ধে পরোয়ানা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৭ এএম

দুর্নীতির মামলায় ৯ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। উচ্চ আদালতের আদেশের পরেও আত্মসমর্পণ না করায় গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।

গত ৩০ মে ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। গত ২৭ আগস্ট রায়ের অনুলিপি সংশ্লিষ্ট পৌঁছালেও এই সময়ের মধ্যে টুকু আত্মসমর্পণ করেননি। এর ধারাবাহিকতায় গতকাল আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে ২০০৭ সালের ২১ মার্চ রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করে দুদক। ওই বছরের ১৫ নভেম্বর টুকুকে ৯ বছর কারাদণ্ড দেন বিশেষ আদালত। রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। ২০১৪ সালের ২১ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায়টি বাতিল করে এ মামলার পুনঃশুনানি করতে হাইকোর্টকে নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত