জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনাক্রমে যে কোনো চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়ায় দক্ষিণ পৈরতলা অংশে র্যার-৯ সিলেট এর অধীনে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
র্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা দেশে এবং দেশের মানুষের নিরাপত্তা জন্য কাজ করি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকালে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনার অধীনে থাকবে। তারা যেভাবে পরিচালনা করেন ঠিক সেভাবে পরিচালিত হবে।’
তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হবে সাধারণ মানুষের জন্য ভোটকেন্দ্রকে নিরাপদ রাখা, যাতে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা এটা দৃঢ়ভাবে করব। এ ধরনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র্যাব মানসিকভাবে প্রস্তুত।’
