পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামীতে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে। জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ আইনানুগ দায়িত্ব পালনে প্রস্তুত।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইনসে ঢাকা রেঞ্জাধীন বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ঢাকা রেঞ্জাধীন ১৩টি জেলার পুলিশ সুপার ও ৯৮টি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
