সংঘর্ষের ৯ দিন পর খুলল আফগান-পাকিস্তান সীমান্ত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম

রক্তক্ষয়ী সংঘর্ষের নয় দিন পর আবারও পথচারী এবং যানবাহনের জন্য খুলে দেওয়া হলো পাকিস্তান ও আফগানিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার পর সীমান্তটি পুনরায় খুলে দেওয়া হয়। খবর আল জাজিরার।

গত ০৬ সেপ্টেম্বর দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। সংঘর্ষে দুই আফগান সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। এরই জের ধরে বন্ধ করে দেওয়া হয় তোরখাম সীমান্ত ক্রসিং। এরপর সীমান্তের উভয় পাশে পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়ে।

পাকিস্তানের খাইবার জেলার কর্মকর্তা মুহম্মদ আনাস বলেন, আমরা সকাল সাড়ে ৭টার পর সীমান্ত ক্রসিং খুলে দিয়েছি। ইমিগ্রেশন এবং কাস্টমস কর্মকর্তারা পুনরায় তাদের দায়িত্ব পালন করতে শুরু করেছেন।

এর আগে ইসলামাবাদ অভিযোগ করে, তালিবান সরকার তাদের আফগান সীমান্ত ক্রসিংয়ে ‘অবৈধ স্থাপনা’ নির্মাণ করছে। এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ফলে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বন্ধ হয়ে যায়। ভোগান্তি পোহাতে হয় হাজারও মানুষকে।

আরও পড়ুন: বাইডেনের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি, সময় নিয়ে ধোঁয়াশা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত