জামালপুরে হৃদরোগে বাবার মৃত্যুর এক ঘণ্টা পর ছেলেও একইভাবে মারা গেছেন। গতকাল রবিবার সকালে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের জোঁকা ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হৃদরোগে মারা যাওয়া বাবার নাম আহাদ আলী ব্যাপারী (৬৫), আর ছেলে মন্টু ব্যাপারী (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, জোঁকা ব্যাপারীপাড়া এলাকার আহাদ আলী ব্যাপারী ফজরের নামাজ আদায় করার পর হৃদরোগে আক্রান্ত হন। এ সময় ছেলে মন্টু বাবাকে হাসপাতালে নেওয়ার জন্য অটোরিকশার খোঁজে বের হন। প্রায় এক কিলোমিটার হেঁটে গিয়ে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরে তিনিও হৃদরোগে আক্রান্ত হন। এ সময় পরিবারের সদস্যরা দেখতে পান আহাদ আলী এবং মন্টুÑ দুজনের দেহই নিথর হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য আনসার আলী জানান, বাদ জোহর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে বাবা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।
ঘোড়াধাপ ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, হৃদরোগে বাবার মৃত্যুর পর তিনি জীবিত আছেন মনে করে তাকে হাসপাতালে নিতে অটোরিকশা খুঁজে আনেন ছেলে। এ সময় ছেলে মন্টুও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
