ইউরোপের ৩ দেশের বিরুদ্ধে মামলা করতে চায় ইউক্রেন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১ এএম

নিজেদের কৃষকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে ইউক্রেনের ক্রোধের মুখে পড়েছে ইউরোপের তিন দেশ পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। দেশগুলোর প্রতি এই ক্রোধের কারণ তারা ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এর জবাবে দেশ তিনটির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাণিজ্য প্রতিনিধি তারাস কাচকা। তিনি বলেন, ‘এটা প্রমাণ করা গুরুত্বপূর্ণ যে এই পদক্ষেপগুলো আইনগতভাবে ভুল। সে কারণে আমরা আইনি প্রক্রিয়া শুরু করব।’ এদিকে এত দিন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর অভিযোগ ছিল, ইউক্রেনের শস্য আমদানির কারণে তাদের কৃষকরা বিপাকে আছেন। নিজ নিজ দেশে উৎপাদিত পণ্য তারা বিক্রি করতে পারছেন না। পরিস্থিতি বিবেচনায় ইউক্রেনের প্রতিবেশী পাঁচ দেশে শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ইইউ। গত শুক্রবার সেই সিদ্ধান্ত তুলে নেওয়া হলেও নিজ থেকে ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। এ বিষয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি গত শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইলক শহরে এক সমাবেশে বলেন, ‘আমাদের দেশের কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ইউক্রেন থেকে শস্য আমদানি বন্ধ রাখা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত