বিএনপির দাবি, সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৯ এএম

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে কেরানীগঞ্জে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আজ দেশে চোর-ডাকাতদের বিচার নেই, চোর-ডাকাতদের খবর  নেই, বিচার হয় শুধু বিএনপি নেতাকর্মীদের। বিএনপির নেতাকর্মীদের বিচার কেন হবে? দেশকে ভালোবাসে তারা, এটাই কি তাদের অপরাধ? আইয়ুব খান জুলুম করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আপনিও পারবেন না। এই সরকারের পদত্যাগ অপসারণ সময়ের ব্যাপার মাত্র। আমরা সারা দেশে কঠোর আন্দোলন করব, এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব। আপনারা তৈরি হন।’

সরকারের পদত্যাগে এক দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ঢাকা বিভাগের কেরানীগঞ্জ উপজেলা ও গাজীপুরে সমাবেশ করেছে বিএনপি। এছাড়া সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর শরিক গণতন্ত্র মঞ্চ রাজধানীতে সমাবেশ করেছে। প্রশাসন ও বিচার বিভাগের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ‘সরকারকে ক্ষমতায় রাখার তোমরা কেডা? ক্ষমতায় কে যাবে না যাবে তা ঠিক করবে জনগণ।’ 

এর আগে গত সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কর্মসূচি চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা ও ঢাকার উপকণ্ঠের  জেলাগুলোতে কৃষক, মহিলা সমাবেশসহ ১০টি সমাবেশ। পেশাজীবী ও শ্রমজীবীদের নিয়ে দুটি কনভেনশন ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়াও রয়েছে ৫টি বিভাগে রোডমার্চ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জে বিএনপির কার্যালয়ের সামনে ও গাজীপুরের টঙ্গীতে দুটি সমাবেশ হয়।

আমাদের কেরানীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, কেরানীগঞ্জের জিনজিরায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘হাসিনা সরকারের একটাই কথা আমি ক্ষমতায় থাকতে চাই। ক্ষমতার বড়ই মজা। আপনি ভাবছেন পুলিশ প্রশাসন দিয়ে গ্রেপ্তার করাবেন, আর কোর্টে বিচার করে নেতাকর্মীদের শাস্তি দেবেন, এভাবে হয় না।’

এর আগে বেলা আড়াইটায় জিনজিরা বিএনপি পার্টি অফিসের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে জিনজিরা পার্টি অফিসের আশপাশে জড় হতে শুরু করে।

সমাবেশ উপলক্ষে সকাল ৯টার দিকে জিনজিরায় সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়। মঞ্চের আশপাশে সকাল থেকেই নেতাকর্মীরা খ- খ- জটলা তৈরি করে। সকাল থেকেই ঢাকার আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়। সমাবেশকে কেন্দ্র করে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল। তবে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আমান পুত্র ইরফান ইবনে অমি, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, নাজিম মাস্টার প্রমুখ।

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন গয়েশ্বর চন্দ্র রায় : গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে টঙ্গী কলেজ গেট চেয়ারম্যান বাড়ি রোডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, ‘জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে জনগণকে শান্তিতে থাকতে দিন, তাহলে জনগণও আপনাদের শান্তিতে থাকতে দেবে।’ তিনি বলেন, ‘একাত্তরে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, আর এখন গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি। জনগণের টাকায় জনগণের বুকে আর একটি গুলিও চালাবেন না, চালালে যে চালাবে তাকে বের করার ক্ষমতা এদেশের জনগণের আছে। জনগণ আমাদের সঙ্গে আছে, পুলিশ এসপি আমাদের কিছু লাগবে না। আগামী কোনো কর্মসূচির জন্য আর পুলিশের অনুমতি নেব না। জনগণের রাস্তায় জনগণ বসে থাকবে। কেউ উঠাতে পারবে না।’

গণতন্ত্র মঞ্চের সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল : এক দফা দাবি আদায়ে গণতন্ত্র মঞ্চ রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে সেখান থেকে গণতন্ত্র মঞ্চের মিছিল শুরু হয়ে হাটখোলা সড়ক হয়ে সালাউদ্দীন হাসপাতাল মোড়, টিকাটুলি গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত