চাঁদা না পেয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ এএম

চাদাঁ না দেওয়ায় রাজধানীর পুরান ঢাকার বংশালে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। আহতরা হলেন রানু বেগম (৭০) ও তার ছেলে মো. মাসুদ রানা (৪৫) এবং আবদুল মাসুম (৪৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতের মেয়ে রিতা বেগম জানান, আলুবাজার বড় মসজিদ এলাকায় তাদের ছোট একটি সেলুনের দোকান আছে। এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক কারবারিরা কয়েকবার তাদের কাছে চাঁদা দাবি করে। না দেওয়ায় গতকাল বিকেল ৩টার দিকে এলাকার চিহ্নিত চাঁদাবাজ শুভ, প্রিন্স, সাফরানসহ ১২-১৫ সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা মা রানু বেগম, ভাই মাসুদ রানা ও চাচা আবদুল মাসুমকে এলোপাতাড়ি কুপিয়ে এলাকা ত্যাগ করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আবদুল মাসুম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার অস্ত্রোপচার করা হচ্ছে।

এদিকে রাজধানীর রায়েরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সমিত পাল (২০) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাপসাতালে ভর্তি করা হয়েছে। আহত সমিত মোহাম্মদপুর গভমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তিনি জানান, রায়েরবাজার ছাতা মসজিদ গলিতে সপরিবারে থাকেন। রাত ৮টার দিকে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাসা থেকে হেঁটে সিকদার মেডিকেল এলাকায় যাচ্ছিলেন। পথে সাদেক খান রোডের ডেন্টাল গলিতে চার-পাঁচ ছিনতাইকারী গতিরোধ করে ধারালো অস্ত্র দেখিয়ে সবকিছু বের করে দিতে বলে। দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তার পিঠে একাধিক ছুরিকাঘাত করে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত