রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ট্রাক চাপায় রাসেল (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও দুইজন।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৪টার দিকে রাসেলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়া শাহ আলী ইমন জানান, তারা মিরপুর পল্লবী বাউলিয়াবাদ লালমাটিয়া এলাকায় থাকেন। এলাকাতে তাদের মোটর মেকানিকের দোকান রয়েছে। রাসেল নিজেও মোটর মেকানিক। রাতে তারা দুটি মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজারে যান তেহারি খেতে। সেখানে খাওয়া-দাওয়া করে আবার মোটরসাইকেল নিয়ে মিরপুর ফিরছিলেন। একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন রাসেল এবং তার পিছনে বসে ছিলে মানিক (১৯) ও এনামুল (২৩)। পথে জিরো পয়েন্ট মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক কোনরকম ব্রেক না করে তাদের মোটরসাইকেলেটি চাপা দেয়। এতে গুরুতর আহত হলে ৩ জনকেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আহত মানিকের অবস্থা গুরুতর। তবে এনামুল আশঙ্কামুক্ত বলে জানান তারা।
নিহত রাসেলের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে লালমাটিয়া এলাকায় থাকতেন।
তার বাবার নাম মো. সিরাজ।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশ তদন্ত করছে।