বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলছে, দেশে দুঃশাসনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। দিন দিন অসহায় মানুষের সংখ্যা বাড়ছে। সরকার দাম বেঁধে দিয়েও ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে’ ব্যর্থ হচ্ছে। ওষুধ, পানি, গ্যাস সর্বত্র নৈরাজ্য চলছে। সরকারের নীতিই এই সংকট তৈরি করেছে। রেশনিংব্যবস্থা ছাড়া সিন্ডিকেট ভাঙা যাবে না
গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির নেতারা। সংবাদ সম্মেলনে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে বিকল্প ১৩ দফা প্রস্তাবনা দেওয়া হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সিন্ডিকেট ভাঙা, সারা দেশে রেশনিং ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালুসহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবিতে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, বাজারে গেলে মানুষ এখন আর হাসিমুখে ঘরে ফিরতে পারেন না। প্রতি মুহূর্তে তিনি টের পাচ্ছেন যে তার টাকার দাম কমে গেছে। যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সে হারে আয় বৃদ্ধি পায়নি। ফলে বজেট থেকে প্রথমে শখের পণ্য, পরে প্রয়োজনীয় পণ্য ছেঁটে ফেলে কষ্ট ক্লেশে জীবন ধারণ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ ফজলুর রহমান প্রমুখ।
