মাছের নকল ওষুধ খাদ্য তৈরির আস্তানার সন্ধান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৮ এএম

নাটোরের সিংড়ায় চুরি যাওয়া স্বর্ণ ও টাকার সন্ধান করতে গিয়ে মাছের খাদ্য, ওষুধ ও কীটনাশক তৈরির নকল কারখানার সন্ধান পাওয়া গেছে।

গতকাল শনিবার দুপুর ২টার দিকে নকল কারখানার মালিক বিউটি বেগমকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদ-াদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান ।

সিংড়া পৌর শহরের চাঁদপুর মহল্লার ডাবলু হোসেনের বাসা থেকে বেশ কয়েক দিন আগে স্বর্ণ, টাকা ও শাড়ি চুরি হয়। বিষয়টিকে কেন্দ্র করে নকল কারখানার মালিক বিউটি বেগমকে সন্দেহ হয় তাদের। থানায় অভিযোগ দেওয়ার জন্য নাম, ঠিকানা সংগ্রহ করতে গেলে তার ভাড়া বাসায় নকল কারখানার সন্ধান পাওয়া যায়। শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা কারখানার সন্ধান পাওয়ার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সিংড়া থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে নকল কারখানার মালিক বিউটি বেগমকে ওই জরিমানা করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

বিউটি বেগম জানান, তারা স্বামী-স্ত্রী সিংড়ার চাঁদপুর মহল্লায় ভাড়া বাড়িতে গত নয় মাস ধরে এ কারখানা পরিচালনা করে আসছেন। এর আগে তারা রাজশাহীতে তিন বছর নকল কারখানা পরিচালনা করে মাছের খাদ্য ও ওষুধ বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত