চীনের বিরুদ্ধে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক জলপথ দক্ষিণ চীন সাগরে ভাসমান ব্যারিয়ার বসানোর অভিযোগ তুলেছে ফিলিপাইন। দেশটির অভিযোগ, সাগরের এমন জায়গায় ব্যারিয়ার বসানো হয়েছে যেটি আন্তর্জাতিক আইন অনুসারে দেশটির সার্বভৌম এলাকার মধ্যে পড়ে না। ফিলিপাইন কোস্টগার্ডের মুখপাত্র জায়ে তারিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সেই ব্যারিয়ারের ছবি পোস্ট করে জানিয়েছেন, সাগরের স্কারবোরোফ শোয়াল নামের এলাকার একটি অংশে বসানো হয়েছে এই ব্যারিয়ার। এটার কারণে ফিলিপাইনের মৎস্যজীবীরা মাছ ধরার জন্য সেখানে যেতে পারছেন না।
আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসারে স্কারবোয়াফ শোয়াল কোনোভাবেই চীনের সার্বভৌম এলাকার মধ্যে পড়ে না দাবি করে জায়ে তারিয়েলা বলেন, ‘আমাদের সমুদ্র অধিকার ও মেরিটাইম ডোমেইন রক্ষার স্বার্থে এই ইস্যুতে ফিলিপাইনসহ দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী অন্যান্য দেশের সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ অবশ্য রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চীনের দূতাবাসে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
