প্যারিসে অলিম্পিক ভিলেজে হিজাব পরতে পারবেন নারীরা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম

আগামী বছর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিকের পরবর্তী আসরে নারীরা অলিম্পিক অ্যাথলেট ভিলেজে হিজাব পরতে পারবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

মূলত ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী দেশটির খেলোয়ারদের জন্য হিজাব নিষিদ্ধের কয়েকদিন পর এ কথা জানিয়েছে আইওসি। আর তাই এবার ফ্রান্সের হয়ে যেসব নারী খেলোয়াড় অলিম্পিকে অংশ নেবেন তারা বাদে সবাই হিজাব পরতে পারবেন। খবর আল জাজিরার।

এ বিষয়ে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওদেয়া–কারতেরা বলেন, ফরাসিরা ধর্মনিরপেক্ষতার প্রতি শ্রদ্ধাশীল। এই নীতি মেনে চলার জন্য অলিম্পিকে অংশ নেওয়া নারী খেলোয়াড়দের হিজাব পরতে অনুমতি দেওয়া হবে না।

তবে আইওসির একজন মুখপাত্র রয়টার্সকে জানান, "অলিম্পিক ভিলেজের জন্য, আইওসি নিয়ম প্রযোজ্য। হিজাব বা অন্য কোন ধর্মীয় বা সাংস্কৃতিক পোশাক পরার উপর কোন নিষেধাজ্ঞা আইওসির নেই।"

ওই মুখপাত্র আরও জানান যে তারা ফরাসি অ্যাথলেটদের পরিস্থিতি আরও ভালভাবে বোঝার জন্য ফরাসি অলিম্পিক কমিটির (সিএনওএসএফ) সাথে যোগাযোগ করছে।

এদিকে অলিম্পিকে অংশ নেওয়া নারী খেলোয়াড়দের হিজাব পরতে বাধা দেয়ায় ফরাসি সরকারের নীতির সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

অলিম্পিক ভিলেজে অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ১০ হাজার ক্রীড়াবিদদের মিলনমেলায় পরিণত হয়। যেখানে খাবার ডাইনিং হল থেকে শুরু করে সাধারণ স্থানগুলি ভাগ করে নেয় ক্রীড়াবিদরা। অলিম্পিকের ক্রীড়া প্রতিযোগিতাগুলি আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন দ্বারা সংগঠিত এবং তত্ত্বাবধান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত