প্রধান বিচারপতির সঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৫২ পিএম

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের অন্য কর্মকর্তারা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি কার্যালয়ে যান। এ সময় নবনিযুক্ত প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাক্ষাৎকালে কামাল উদ্দিন আহমেদ প্রধান বিচারপতিকে কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন। প্রধান বিচারপতি কমিশনের কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

কমিশনের চেয়ারম্যান বলেন, ২০২২ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ আলোকে ম্যান্ডেট অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণসহ সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

প্রধান বিচারপতি জাতীয় মানবাধিকার কমিশনকে তার কার্যক্রম আরও জোরদারভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ ছাড়া কারাগারে বিনা বিচারে দীর্ঘ সময় আটক থাকা ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তিতে কমিশনকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, ড. তানিয়া হক, পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলম, উপপরিচালক আজহার হোসেন এবং ফারহানা সাঈদ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত