ময়মনসিংহে বইমেলার আয়োজন করেছে সিরাত গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘সীরাতকেন্দ্র।’ ময়মনসিংহ সিটি করপোরেশনের সহযোগিতায় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় গতকাল সকাল ১০টায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী ইসলামি বইমেলা। তবে বৃহস্পতিবার বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নগরীর টাউন হল প্রাঙ্গণে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে বইমেলা।
মেলায় প্রায় সত্তরটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। স্টল রয়েছে ৫৭টি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। তবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারীদের জন্য নির্ধারিত। সুপ্ত প্রতিভা বিকাশ এবং বই পাঠে শিশুদের আগ্রহী করে তুলতে মেলায় রয়েছে শিশু কর্নার। এছাড়া রয়েছে সমৃদ্ধ গ্রন্থ নিয়ে সিরাত কর্নার।
মেলার বিভিন্ন পর্বে প্রতিদিনই উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আলেম, লেখক ও গবেষকরা। যাতে সাধারণ মানুষ লেখক-গবেষকদের সান্নিধ্য সহজেই লাভ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওলানা মুহাম্মদ যাকারিয়া, মুফতি মুহিব্বুল্লাহ, মাওলানা মুহাম্মাদ বিন হাফেজ্জী, মুফতি আমির ইবনে আহমদ, মাওলানা মানাজির আহসান খান তাবশিরসহ স্থানীয় আলেম-উলামা ও প্রকাশকরা। মেলার অন্যতম উদ্যোক্তা মুফতি আমির ইবনে আহমদ জানান, সীরাত কেন্দ্রের আয়োজনে ময়মনসিংহের ইসলামি বইমেলা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। আমরা চাই, মেলায় সব ধরনের শ্রেণি-পেশার মানুষ বিপুল আগ্রহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করুক। লেখক, প্রকাশক ও পাঠক মিলনের এই বইমেলার মাধ্যমে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক জ্ঞানের শুদ্ধ আলো।
উল্লেখ্য, ২০০৭ সালে শিকড় সাহিত্য মাহফিলের আয়োজনে ময়মনসিংহে সর্বপ্রথম ইসলামি বইমেলা শুরু হয়। এরপর থেকে পর্যায়ক্রমে একের পর এক বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে সীরাত কেন্দ্র প্রথমবারের মতো বইমেলার আয়োজন করে। মেলাটি সর্বমহলে ব্যাপক সাড়া পড়ায় এবার আরও বড় পরিসরে বইমেলার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
