রোহিঙ্গা সন্ত্রাসীর মাদক চক্রে ইউপি সদস্য অস্ত্রসহ আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:৫২ এএম

তালিকাভুক্ত এক রোহিঙ্গা সন্ত্রাসীর মাদক চোরাচালান চক্রে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাতে টেকনাফের কাটাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় জাফর ইসলাম ওরফে বাবুল নামে ওই ইউপি সদস্যের কাছ থেকে ৫৫ হাজার ইয়াবা, একটি বিদেশি ও দেশি অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। বাবুল (৪২) পালংখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বাবুলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, তার সহযোগিতায় প্রতি মাসে ৪০ থেকে ৫০ লাখ ইয়াবা দেশে ঢুকছিল। বাবুল রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নবী হোসেনের সঙ্গে চুক্তি করে চিংড়ি ব্যবসার আড়ালে পাশের দেশে থেকে নাফ নদী দিয়ে মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে বাবুল এ বিষয়গুলো র‌্যাবকে বলেছেন উল্লেখ করে এই কর্মকর্তা আরও বলেন, তিনি মাদক কারবারসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের জন্য এলাকায় ২০-২৫ জনের একটি চক্র গড়ে তোলেন। সে মাদক কারবারের পাশাপাশি এলাকায় চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান, অবৈধ অস্ত্র, জোর করে অবৈধ বালু উত্তোলন, চোরাই পথে গবাদি পশু চোরাচালান এবং অবৈধভাবে পাহাড় কেটে মাটির ব্যবসাও করতেন।

রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ৪-৫টি সিন্ডিকেট গড়ে তুলেছেন। রোহিঙ্গা ও আশপাশের আরও কয়েকশ ব্যক্তি এই চক্রে জড়িত। ওই নবী হোসেনের অন্যতম সহযোগী এবং কক্সবাজারের শীর্ষ মাদক ও অস্ত্র কারবারি বাবুল। র‌্যাব-১৫ তাকে গ্রেপ্তার করেছে।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা মঈন আরও বলেন, বাবুল ২০০৫ সাল থেকে মাদক ব্যবসায় জড়ান। ২০১৭ সালে মাদক কারবারি লুৎফুর রহমানের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পলাতক তালিকাভুক্ত রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নবী হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। নবীর সঙ্গে পরিচয়ের পর থেকে বাবুল বিশদ আকারে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়েন। এসব কারবার করে বাবুল প্রায় ৫০ কোটি টাকার সম্পদ গড়ে তোলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত