প্রশ্ন : আমার স্মরণশক্তি অনেক দুর্বল। মাঝেমধ্যেই আমি নামাজ পড়িনি ভেবে নামাজে দাঁড়িয়ে যাই। এক-দুই রাকাত পর মনে পড়ে আমি তো নামাজ পড়েছি। তখন নামাজ ছেড়ে দেই। জানার বিষয় হলো, এভাবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে গোনাহ হবে কি? এ অবস্থায় আমার করণীয় কী?
-মো. আলমগীর ভূঁইয়া, সদর, কুমিল্লা
উত্তর : কোনো ফরজ নামাজ পড়া হয়নি ভেবে শুরুর পর যদি স্মরণ হয় যে তা পড়া হয়েছে তাহলে তা ছেড়ে দেওয়া জায়েজ। এতে গোনাহ হবে না। তবে মকরুহ ওয়াক্ত না হলে (যেমন ফজর ও আসর ছাড়া অন্য ওয়াক্তে) নফলের নিয়তে তা পূর্ণ করা (অন্তত দুই রাকাত) উত্তম। অবশ্য এসব ক্ষেত্রে নামাজ পূর্ণ না করে ভেঙে দিলে পরবর্তীসময়ে উক্ত নামাজ কাজা করতে হবে না। কারণ, এ ক্ষেত্রে ইচ্ছাকৃত নতুন নামাজ শুরু করা হয়নি। বরং ভুলবশত শুরু করা হয়েছে। তাই এটি নফল শুরুর হুকুমে হবে না।
উল্লেখ্য, পুরুষদের ক্ষেত্রে শরিয়তের বিধান হলো, তারা ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে। তা ছাড়া জামাতে নামাজ পড়লে এভাবে ভুলে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে। -ফাতাওয়া তাতারখানিয়া : ২/২৮৮
