গ্রামবাসীর পিটুনিতে হত্যা মামলার আসামির মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৬:১৯ এএম

কক্সবাজারের পেকুয়াতে একটি হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা ও লুটপাট হয়েছে। এ সময় গ্রামবাসী একজোট হয়ে হামলাকারীদের প্রতিহত এবং মামলার আসামিকে পিটুনি দেয়। এতে ওই আসামির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পিটুনিতে নিহত আবু ছৈয়দ একই গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

জানা গেছে, ২০২১ সালের ২ মে রাত সাড়ে ৮টার দিকে পেকুয়া উপজেলার ফুলতলা স্টেশনে আফজলিয়াপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে ও ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর জয়নাল আবেদীনের পরিবার পেকুয়া থানায় ৩২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে।

ওই মামলায় আবু ছৈয়দকেও আসামি করা হয়। মামলার আসামি হওয়ার পর দীর্ঘদিন কারাভোগ করে আবু ছৈয়দ। সম্প্রতি জামিনে বের হয়। এরপর থেকে আবু ছৈয়দ নিহত জয়নাল আবেদীনের পরিবারের ওপর হামলার হুমকি দিয়ে আসছিল বলে জানিয়েছে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে আবু ছৈয়দের নেতৃত্বে ১০-১৫ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা ও লুটপাট শুরু করে। এ খবর পেয়ে মগনামা আফজলিয়াপাড়া গ্রামের শতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে গিয়ে হামলাকারীদের প্রতিহত করে। এ সময় গ্রামবাসী আবু ছৈয়দকে ধরে পিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। অন্য হামলাকারীরা গ্রামবাসীর তাড়া খেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আবু ছৈয়দ।

ঘটনার পর পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জয়নাল আবেদীন হত্যা মামলার বাদী আমিরুজ্জামান বলেন, আবু ছৈয়দের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পরিবারের ওপর হামলা চালিয়ে তার স্ত্রী, মা ও ভাইবোনদের পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে গিয়ে আবু ছৈয়দসহ সন্ত্রাসীদের পিটুনি দিলে হামলাকারীরা পালিয়ে যায়। তারা এ ঘটনায় প্রশাসনের কাছে নিরাপত্তা চান।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ‘হামলায় হত্যা মামলার এক আসামির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত