ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) চীন পৌঁছেছেন। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েকদিন পর তিনি এ সফর করছেন।
বোরেলকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের একটি জরুরি বৈঠকে মিলিত হওয়ার অনুরোধ জানানো হয়। চীন সব পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। খবর এএফপির।
চলতি বছর দুই বার স্থগিত হওয়া বোরেলের সফরটি শনিবার পর্যন্ত স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। সফরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক চ্যালেঞ্জ ও বাণিজ্যসহ বিভিন্ন সমস্যা মোকাবিলার বিষয়ে আলোচনা করবেন।
ইইউ বলেছে, উচ্চ পর্যায়ের ইইউ-চীন ধারাবাহিক সংলাপের এটি সর্বশেষ সংলাপ। এই বছরের শেষের দিকে ইইউ-চীন শীর্ষ সম্মেলন চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
