বগুড়ার শিবগঞ্জের আটমূল ইউনিয়নে ১৭ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। দগ্ধ মেয়েটি গত ৩৪ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অভিযুক্তদের হুমকি-ধমকিতে গ্রামে যেতে পারছে না পরিবার। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দৈনিক দেশ রূপান্তরে ‘ধর্ষণের পরও শেষ হয়নি যন্ত্রণা’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের এইচডিওতে মেয়েটিকে দেখতে যায় বাংলাদেশ মহিলা পরিষদের একটি দল।
মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘আমাদের একটা টিম মেয়েটিকে দেখতে হাসপাতালে গিয়েছিল। তাকে দেখে এসেছে এবং তার বাবার সঙ্গে কথা হয়েছে। আগামী রবিবার তার বাবা আমাদের অফিসে এসে লিখিত অভিযোগ করবেন এবং তাদের সব ধরনের সহযোগিতা করব।’
