আনোয়ারা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:১৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা শাখা ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দুই সপ্তাহ আগে থেকেই মাঠ তৈরিসহ রাস্তা সংস্কার, রঙের কাজ, বিলবোর্ড, তোরণ নির্মাণের মতো প্রস্তুতিকাজে ব্যস্ত দলীয় নেতাকর্মীরা।

আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আনোয়ারায় আসছেন। তিনি কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করবেন। এরপর তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আনোয়ারার কোরীয় ইপিজেড মাঠে জনসভায় ভাষণ দেবেন। ওই জনসভা সফল করতে দলের নেতাকর্মীরা এলাকায় প্রচার নিয়ে ব্যস্ত।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, শনিবার (আজ) রাতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের চট্টগ্রাম নগরীর বাসায় আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়েছে। সেখানে জনসভার রূপরেখা ও চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে।

জনসভায় সরকারের বড় বড় সাফল্যগুলো তুলে ধরার ওপর জোর দিচ্ছে আওয়ামী লীগ। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু টানেল সারা দেশের জন্য বিস্ময় আর চট্টগ্রামবাসীর জন্য বিশাল উপহার। তাই প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে ১০ লাখ লোক সমাগমের টার্গেট রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত