আগামী ১৫ বছরে বাংলাদেশে বিমান চলাচল প্রায় তিনগুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, এভিয়েশন সেক্টরে বাংলাদেশ একটি সম্ভাবনাময় নাম। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সম্ভাবনাকে সফলভাবে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছি। গতকাল রবিবার সকালে ঢাকার একটি হোটেল আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিভিল এভিয়েশন প্রধানদের (ডিজিসিএ) সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এরপর সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।
৩৮ বছর পর পাঁচ দিনব্যাপী ৫৮তম এ সম্মেলন চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে আইকাও-এর সভাপতি সালভাতোর সাকিতানো, মহাসচিব হুয়ান কার্লোস সালাজার, আঞ্চলিক পরিচালক তাও মা ছাড়াও বিভিন্ন দেশের এভিয়েশন প্রধানরা উপস্থিত ছিলেন।
