বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তরুণী প্রেমিককে মেনে না নেওয়ায় মাকে বাস থেকে নামিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। ঢাকায় মেয়ের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সিরাজগঞ্জের রায়গঞ্জে এ ঘটনা ঘটান বগুড়ার শেরপুরের তরুণী। এ ছাড়া রংপুরের পীরগাছায় নিমন্ত্রণে গিয়ে শ^শুরবাড়িতে প্রতিপক্ষের হামলায় জামাই খুন হয়েছেন। অন্যদিকে কুড়িগ্রামে প্রকৌশলী, দিনাজপুরের চিরিরবন্দরে হাত-পা বাঁধা তরুণী, কুমিল্লার হোমনায় শিশু শিক্ষার্থী, মৌলভীবাজারের কুলাউড়ায় তরুণ, কমলগঞ্জে বৃদ্ধ এবং বগুড়ার কাহালুয় কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
সিরাজগঞ্জ ও শেরপুর (বগুড়া) : মেয়ে পূজা কর্মকার সিঁথির ছুরিকাঘাতে মা ঝুমা কর্মকার (৪৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝুমা কর্মকার বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার জুয়েলারি ব্যবসায়ী শেরপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী রথীন্দ্রনাথ কর্মকার শিবদাসের স্ত্রী।
এ ঘটনায় স্থানীয়রা রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী পূজা কর্মকার সিঁথিকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে পূজা কর্মকার সিঁথির একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তার মাসহ পরিবারের লোকজন ওই সম্পর্ক মেনে না নেওয়ায় পরিবারের লোকজনের ওপর ক্ষুব্ধ ছিল সে। পূর্বপরিকল্পনানুযায়ী সিঁথি তার মাকে সঙ্গে নিয়ে বেলা ১১টায় শেরপুর থেকে একটি বাসে ইউনিভার্সিটির উদ্দেশে ঢাকায় রওনা দেয়।
কিন্তু দুপুর ১টার দিকে রায়গঞ্জের চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় পৌঁছালে সিঁথি ‘বই পড়ে গেছে’ বলে মাকে নিয়ে বাস থেকে নামে। নেমে সিঁথি ব্যাগ থেকে ছুরি বের করে তার মা ঝুমার বুকে কয়েকটি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
রংপুর : শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসে প্রতিপক্ষের হামলায় আবু তাহের (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রবিবার রাত ২টার দিকে পীরগাছা উপজেলার দেউতি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের একই এলাকার আয়নাল হকের ছেলে।
কুড়িগ্রাম : পৌর শহরের একটি পুকুর থেকে মাহমুদুল ফেরদৌস মামুন (২৬) নামে এক বিএসসি ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয় জানিয়ে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, নিহত মামুন রাজারহাট উপজেলার ছিনাইহাট গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ছবরুল হকের ছেলে। গত ৯ অক্টোবর সন্ধ্যায় মামুন তার বড় ভাইকে কল দিয়ে তাকে টাকার জন্য আটকে রাখা হয়েছে বলে জানান।
দিনাজপুর : চিরিরবন্দরে নালা থেকে গলায় ওড়না প্যাঁচানো ও হাত বাঁধা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর এলাকার একটি স্কুলের পেছনের নালায় পাওয়া যায় তার মরদেহ। নিহত আইরিন আক্তার আলো (২৩) ওই এলাকার আলম হোসেনের মেয়ে।
হোমনা (কুমিল্লা) : হোমনায় নিখোঁজের তিন দিন পর সজীব (১০) নামে এক মাদ্রাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আলীপুর গ্রামের পাশের বিলে পাওয়া যায় তার মরদেহ। সজীব আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র ও আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের দক্ষিণপাড়া ভূঁইয়া বাড়ির গোলাম মোস্তাফার ছেলে।
মৌলভীবাজার : কুলাউড়ায় বাছিত মিয়া (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার জয়চ-ী ইউনিয়নের গাজীপুর এলাকার এক গাছে ঝুলতে দেখা যায় তার মরদেহ। বাছিত ওই গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জের শমশেরনগর বিমানবাহিনী ইউনিটের (বিমানঘাঁটি) সংরক্ষিত এলাকা থেকে আবদুল হান্নান (৬০) নামে নিখোঁজ এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। আবদুল হান্নানের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে।
বগুড়া : শোয়ার ঘর থেকে গতকাল সোমবার সকালে বাটুল মিয়া নামে এক কাঠমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাহালুর মুরইল ইউনিয়নের পোড়াপাড়ায় দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা ওই ঘরে গিয়ে মরদেহ দেখে গতকাল পুলিশে খবর দেন। বাটুল ওই গ্রামের আবু ম-লের ছেলে।
