মাগুরার শ্রীপুর উপজেলার সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ক্রীড়া শিক্ষক কেএম রোকন-উজ-জামান সুইটকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঘটনার পর এক দিন আত্মগোপন থেকে গত রবিবার রাতে বিদ্যালয়ে ঢুকে নিজের কক্ষের তালা ভেঙে জিনিসপত্র বের করার সময় পুলিশ তাকে আটক করে। গতকাল সোমবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, গত শনিবার বিকেলে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কেএম রোকন-উজ-জামান ওরফে সুইট অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি ঘটান। পরদিন রবিবার দুপুরে শিক্ষার্থীরা বিচার চেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহলের কাছে লিখিত অভিযোগ দেয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কু-ুকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন ইউএনও। অন্যদিকে এক দিন আত্মগোপনে থাকার পর রবিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত শিক্ষক রোকন-উজ-জামান বিদ্যালয়ের ভেতরে ঢুকে তার নিজের অফিস কক্ষের তালা ভেঙে মালপত্র বের করার সময় বিদ্যালয়ের নৈশ প্রহরী ইউসুফ আলী শ্রীপুর পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।
