ইসির মাঠ কার্যালয়

নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:২১ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কার্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই মাঠ কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে ইসি। এ ক্ষেত্রে সব আঞ্চলিক, জেলা ও উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য বলেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির সেবা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

জননিরাপত্তা বিভাগে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের অতি গুরুত্বপূর্ণ নির্বাচনী মালামাল নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা নির্বাচন অফিস, প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাচন অফিস এবং মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসগুলো সংরক্ষণ করা হবে। জাতীয় নির্বাচনের আগে এসব অফিসের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে মর্মে আশঙ্কা করা হচ্ছে। জনস্বার্থে ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের অফিসগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত