যুক্তরাষ্ট্র ভেটো দিল গাজা সংঘাত বন্ধের প্রস্তাবে

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ পিএম

ইসরায়েলের মুহুর্মুহু হামলায় গাজায় তীব্র সংকটের পরিস্থিতিতে ‘মানবিক দৃষ্টিকোণ থেকে সংঘাতে বিরতির’ আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা ব্রাজিলের খসড়া প্রস্তাব যুক্তরাষ্ট্রের বিরোধিতায় খারিজ হয়ে গেছে। বুধবার নিরাপত্তা পরিষদের সদস্য ১২টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়, যুক্তরাষ্ট্র দেয় বিপক্ষে ভোট আর অন্য দুই স্থায়ী সদস্যরাষ্ট্র রাশিয়া ও যুক্তরাজ্য ভোটদানে বিরত থাকে।

এই প্রস্তাবটি পাস হলে গাজা ভূখণ্ডে মানবিক ত্রাণ প্রবেশ অনুমোদন করতে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘মানবিক দৃষ্টিকোণ থেকে সংঘাতে বিরতি’ দেওয়ার আহ্বান জানাত নিরাপত্তা পরিষদ। কিন্তু পরিষদের অন্যতম স্থায়ী সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় উদ্যোগটি ভেস্তে যায়।

ব্রাজিলের খসড়া প্রস্তাবের ওপর সোমবারই ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনার জন্য আরও সময় দিতে ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এরপর গাজায় ত্রাণ সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যস্থতা শুরু করায় ভোটাভুটির সময় ফের পিছিয়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত