চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করা চারটি কনটেইনার পণ্য আটক করা হয়েছে। ঢাকার পুরানা পল্টনের জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এই পণ্য আমদানি করছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমসের এআইআর শাখার তৎপরতায় কনটেইনারগুলোর কায়িক পরীক্ষায় এ জালিয়াতি ধরা পড়ে।
এতে দেড় কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কাস্টমস সূত্রে জানা যায়, জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠানের নামে চীন থেকে এমভি স্কাই উইন্ড জাহাজ যোগে ক্যালসিয়াম কার্বনেট ঘোষণায় চার কনটেইনার পণ্যের একটি চালান চট্টগ্রাম বন্দরে আসে। চালানটিতে মিথ্যা ঘোষণার পণ্য রয়েছে এমন সন্দেহ থেকে কাস্টম হাউজের এআইআর শাখা চালানটি বিশেষ নজরদারিতে রাখে। এদিকে আমদানিকারক কৌশলে চালানটি বন্দরে না নামিয়ে সিঙ্গাপুর ফেরত পাঠানোর জন্য রিটার্ন অন বোর্ড (আরওবি) ঘোষণা করে। পরে কাস্টমসের চাপে শিপিং এজেন্ট ওই চারটি কনটেইনার চট্টগ্রাম বন্দরে নামাতে বাধ্য হয়।
চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চারটি কনটেইনারের কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের জায়গায় ৬০ টন ডেক্সট্রোজ, ১৫ টন গুঁড়ো দুধ, ১ টন কফি মেট, ৩ টন মেনথল পাওয়া যায়। ঘোষিত পণ্য ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় মাত্র ৩ টন। চালানটিতে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির মাধ্যমে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছে বলে জানান তিনি।
