ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার ববি চার্লটন আর নেই। আজ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তার বয়স হয়েছিল ৮৬ বছর। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর সময় পাশে ছিলেন পরিবারের সদস্যরা।
চার্লটনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার কথা নিশ্চিত করে তার পরিবার জানিয়েছে, 'খুব দুঃখের সঙ্গে আমরা খবরটি জানাচ্ছি যে, স্যার ববি শনিবার (ইংল্যান্ড সময়) সকালে শান্তিপূর্ণভাবে চিরবিদায় নিয়েছেন।'
ইংল্যান্ডের অনেক ফুটবলারের আদর্শ চার্লটন ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংলিশ দলের সদস্য ছিলেন। ওই আসরে সবগুলো ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন তিনি। ৬ ম্যাচে জালের দেখা পেয়েছিলেন তিনবার। দুটি গোলই করেছিলেন সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে। ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপেও খেলেছেন তিনি। ইংলিশদের ১৯৫৮ বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি। ওই বছরই মিউনিখে ঘটেছিল ভয়ংকর বিমান দুর্ঘটনা, যেখানে চার্লটনের ৮ জন ক্লাব সতীর্থ প্রাণ হারান।
১৯৭০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া চার্লটন ইংল্যান্ডের হয়ে ১০৬ ম্যাচে করেছেন ৪৯ গোল। যা ২০১৫ সালের আগ পর্যন্ত ইংলিশদের সর্বোচ্চ ছিল, ওয়েন রুনি ভেঙেছিলেন তার সেই রেকর্ড। ১৯৯৪ সালে 'নাইট' উপাধি পাওয়া এই ফুটবলার ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেন ইউনাইটেডের হয়ে। ক্লাবটির জার্সিতে ৭৫৮ ম্যাচ খেলেছেন তিনি, যা অনেকদিন ধরেই ছিল সর্বোচ্চ। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে তার ২৪৯ গোলের রেকর্ডটি ভাঙেন রুনিই। ইউনাইটেডের হয়ে তিনটি লিগ কাপ ও একটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন চার্লটন।
