অপারেশনের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অপারেশনের পর যে ব্যথা ছিল তা কমতে শুরু করেছে। বর্তমানে হাসপাতাল গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকরা অপারেশনের দুদিন পর চলে গেলেও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
ডা. রফিক বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর অপারেশন শেষে দুজন চিকিৎসক গত শুক্রবার ঢাকা ত্যাগ করেন। অন্যজন শনিবার চলে যান। বিদেশি চিকিৎসকদের এ অস্ত্রোপচারের ফলে খালেদা জিয়ার লিভার সিরোসিসজনিত যে জটিলতা ছিল, তার কিছুটা উপশম হবে।’
