বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচির জবাবে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত টানা শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকাসহ সারা দেশে শান্তি সমাবেশ কর্মসূচি জানিয়ে গত সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কর্মসূচির কথা জানানো হয়। কিন্তু গতকাল মঙ্গলবার ঢাকায় আওয়ামী লীগকে ঘটা করে কোনো শান্তি সমাবেশ পালন করতে দেখা যায়নি। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা দাবি করেন, পাড়া-মহল্লায় শান্তি সমাবেশ করেছেন তারা। হয়েছে শান্তি মিছিলও।
সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহযোগী সংগঠন ছোট ছোট কয়েকটি সমাবেশ করেছে। যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের খণ্ড খণ্ড মিছিল দেখা গেছে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনের সড়কে। কিন্তু আগেকার শান্তি সমাবেশগুলোর মতো কোনো শান্তি সমাবেশ কোথাও পালন করতে দেখা যায়নি আওয়ামী লীগকে।
দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করেন। এ সময় কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে দেখা যায়। তবে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি চোখে পড়েনি দলীয় কার্যালয়ের সামনে। শুধু তা-ই নয়, দলীয় কার্যালয়ের সামনে গতকাল কোনো মঞ্চও তৈরি করা হয়নি। শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা থাকলেও ঢাকার কোনো স্থানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কোনো বক্তৃতা দিতে দেখা যায়নি। এর আগে গত সোমবারের শান্তি সমাবেশও ছিল ঢিলেঢালা। পাড়া-মহল্লায় শান্তি সমাবেশ হয়েছে, এমন দাবি আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা করলেও গতকাল মূলত ঢাকায় তেমন উপস্থিতি ছিল না।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিদিন তো ঘটা করে করা যায় না। তিনিও দাবি করেন, অন্যান্য জায়গায় হয়েছে। সব সময় নির্দিষ্ট জায়গায়ও করা যায় না।’
মন্নাফি বলেন, ‘শান্তি সমাবেশ হয়নি, শান্তি মিছিল হয়েছে।’ তিনি বলেন, দলীয় কার্যালয়ের সামনে চেয়ার পেতে আমরা অবস্থান নিয়েছি।’
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএনপির আন্দোলন মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দেশ রূপান্তরকে বলেন, ঢাকা প্রত্যেকটি থানা, ওয়ার্ডে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন। তিনি বলেন, ঢাকার কোথাও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি পাওয়া যায়নি। ফলে আওয়ামী লীগের ঘটা করে, জমজমাট কোনো কর্মসূচি পালন করা হয়নি। বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়েছে বলে দাবি করেন তিনি।
মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পি দেশ রূপান্তরকে বলেন, সারা ঢাকা শহরে থানা, ওয়ার্ডে শান্তি সমাবেশ করা হয়েছে। তিনি বলেন, নির্দিষ্ট স্থানে শান্তি সমাবেশ করা হলে থানা, ওয়ার্ড ও পাড়া-মহল্লা অরক্ষিত হয়ে পড়ে। সেটি বিবেচনায় নিয়ে গতকাল নির্দিষ্ট স্থান বঙ্গবন্ধু অ্যাভিনিউ বা বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়নি।
